১।
সেদিন নাকি খুব বৃষ্টি পড়েছিল। ডিসেম্বরের কনকনে ঠান্ডা। ১৯২১ সাল। প্রথম বিশ্বযুদ্ধের রেশ কাটেনি। নজরুলের ঘরের একদিকে মুজফ্ফরের নানারকম বই। বিভিন্ন সভায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন তিনি। আর নজরুল সেসব পর্যবেক্ষণ করছেন। রাশিয়ার বিপ্লবে তখন ফুটছে লক্ষ লক্ষ বাঙালি রক্ত৷ নজরুলও বুঝি তাঁদেরই একজন! সেই ডিসেম্বরের রাতেই নজরুল লিখে ফেললেন একটি কবিতা, নাম দিলেন ‘বিদ্রোহী’। লিখলেন—
আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি,
আমি পথ-সমুখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই,
আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার,আমি ছায়ানট,আমি হিন্দোল
আমি চল-চঞ্চল,ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল ;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা
করি শত্রুর সাথে গলাগলি,
ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
আমি উন্মাদ,আমি ঝঞ্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার
আমি উষ্ণ চির-অধীর।
বল বীর-
আমি চির-উন্নত শির!”
ঔপনিবেশিক শোষণ, সামন্ত মূল্যবোধ এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতন বিদ্রোহী রূপে ‘বিদ্রোহী’ কবিতায় আবির্ভূত হয়েছেন নজরুল। রোমান্টিক অনুভববেদ্যতায় মানবতার সপক্ষে তিনি উচ্চারণ করেছেন বিদ্রোহের বাণী, সত্য-সুন্দর-মঙ্গল ও শান্তির বাসনায় তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন যাবতীয় অপশক্তির বিরুদ্ধে, ধর্মীয় শোষণের বিরুদ্ধে এবং জীর্ণ-সনাতন মূল্যবোধের বিরুদ্ধে। পরাধীনতার গ্লানিতে নজরুলচিত্ত দীর্ণ হয়েছে এবং এই গ্লানি থেকে মুক্তির অভিলাষে তিনি হয়েছেন বিদ্রোহী। তবে কেবল দেশের স্বাধীনতা কামনাতেই তাঁর বিদ্রোহীচিত্তের তৃপ্তি ছিল না—তাঁর বিদ্রোহ ছিল একাধারে ভাববাদী ও বস্তুবাদী। তাঁর বিদ্রোহ ছিল পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার, সকল আইন-কানুনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, 'ইতিহাসনিন্দিত চেঙ্গিসের মতো নিষ্ঠুরের জয়গানে মুখর, ভৃগুর মতো ঈশ্বরের বুকে পদাঘাত-উদ্যত, মানবধর্ম প্রতিষ্ঠায় দৃঢ়সংকল্প, ধ্বংসের আবাহনে উচ্ছ্বসিত, সুন্দরের প্রতিষ্ঠায় উদ্বেলিত'।
‘বিদ্রোহী’ কবিতার রচনাকাল ছিল সারা পৃথিবীর জন্য অস্থির সময়। বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটেছে। নজরুল বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, শৃঙ্খলপরা আমিত্বের বিরুদ্ধে। এই কবিতা রচনার জন্য নজরুল ‘বিদ্রোহী কবির আখ্যা পেয়েছেন। খেটেছেন জেলও। কবি লর্ড বায়রন বলেছেন, ‘এক সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি বিখ্যাত হয়ে গেছি।’ ১৮১২ সালে ‘চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ’ কবিতাটি প্রকাশের পর কবি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিস্মিত বায়রন। বাংলা সাহিত্যে ঠিক এ রকমই ঘটনা ঘটেছিল কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের পর। ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি মুদ্রিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ‘মোসলেম ভারত’ পত্রিকায় ১৩২৮ সংখ্যায় এটি ছাপা হয়েছিল। প্রায় কাছাকাছি সময়ে ‘প্রবাসী’, ‘সাধনা’, ‘ধূমকেতু’ ও দৈনিক ‘বসুমতী’সহ বেশ কিছু পত্রপত্রিকায় কবিতাটির পুনর্মুদ্রণ হয় যা বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়। একই কবিতা এত বেশিসংখ্যক পত্রপত্রিকায় প্রকাশের ঘটনাও সম্ভবত এটিই প্রথম। লাঞ্ছনার বিরুদ্ধে অসম্মান ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো মানুষের সাহসের উচ্চারণ হয়ে উঠেছে বিদ্রোহী কবি নজরুল।
নজরুলের উত্তরসূরী মার্কিন কবি ল্যাঙ্গস্টোন ইউজের ' Let America be America Again ' কবিতায় নজরুলের বিদ্রোহী ও সাম্যবাদী কবিতার প্রতিধ্বনি। নজরুল সমসাময়িক ইংরেজি দৈনিক 'অমৃতবাজার পত্রিকা'র সম্পাদক স্বনামধন্য শ্রী তুষারকান্তি ঘোষ তাঁর উক্ত পত্রিকায় ১৯৬২ সালের একটি সংখ্যায় মন্তব্য করেন — 'If Nazrul Islam written only his poem 'Bidrohi' (The Rebel) he would have been famous'. সেই জায়গা থেকে হয়তো ডক্টর সুশীল কুমার তাঁর নজরুল চরিত মানস গ্রন্থে বলেছেন — 'Nazrul the gift of the century'. 'বিদ্রোহী'র প্রথম 'লিটারারি' তরজমা সম্ভবত অধ্যাপক বিনয় কুমার সরকারের করা — Say, Hero!/ Say Erect is my head !/ Seeing my head the Himalayan Peak/ Bends low in shame। তদানীন্তন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি 'বিদ্রোহী' , 'সাম্যবাদী', 'নারী', 'দারিদ্র্য', 'ভাঙ্গার গান' প্রভৃতি রচনার মধ্য দিয়ে তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেও স্বতন্ত্র ভাবমূর্তি করে তোলেন। যেখানে বাংলা ভাষার ব্যাপক এবং সার্থকভাবে বিদেশি শব্দের ব্যবহার করেন নজরুল। জীবন ও জীবিকার তাগিদে প্রথম বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন কবি। এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নজরুলের বিশ্বচেতনা সমৃদ্ধ হয় ও তিনি ক্রমান্বয়ে আরও সোচ্চার হন খেটে খাওয়া নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দাবিতে।
‘বিদ্রোহী’ কবিতায় নজরুল ইসলাম সৃষ্টিকে স্থাপন করেছেন আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবন বাস্তবতার জটিল আবর্তে। 'কবিতা তাই হয়ে উঠেছে সামাজিক দায়িত্ব পালনের শাণিত আয়ুধ। ‘বিদ্রোহী’ কবিতায় নজরুলের বিদ্রোহচেতনার মাঝে লক্ষ করা যায় ত্রিমাত্রিক বৈশিষ্ট্য : ক. অসত্য অকল্যাণ অশান্তি অমঙ্গল এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ; খ. স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ; এবং গ. শৃঙ্খলপরা আমিত্বকে মুক্তি দেওয়ার জন্য বিদ্রোহ।' নজরুলের বিদ্রোহচেতনাকে নানা মাত্রায় ব্যাখ্যা করা হয়েছে—কখনো তা হয়েছে সদর্থক, কখনো বা নেতিবাচক। তবে তাঁর বিদ্রোহীসত্তাকে যেভাবেই দেখা হোক না কেন, তা ছিল মূলত সৃষ্টিশীল। তাঁর বিদ্রোহ সৃষ্টিশীল বলেই ধ্বংসের মাঝে তিনি খুঁজে পেয়েছেন নতুন সৃষ্টির উৎস।
২।
'বিদ্রোহী’ কবিতায় মোট পঙক্তি সংখ্যা ১৪৭। এই কবিতায় নজরুল অনেক রকমের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন ভাব-ভাষা ছন্দ-চিত্রকল্পের কারুকার্যে।
শব্দ-ব্যবহারে নজরুলের দ্বিতীয় বৈশিষ্ট্য এই যে বাংলা কাব্যে তিনি একটি নিজস্ব কবিভাষার জনয়িতা। রাবীন্দ্রিক স্বাতন্ত্র্যের পর বাংলা কাব্যে তিনি প্রকৃত অর্থেই নির্মাণ করেছেন একটি নতুন কবিভাষা। ‘বিদ্রোহী’ কবিতাতেই আমরা নজরুলের স্বকীয় কবিভাষার প্রাথমিক প্রকাশ বিশেষভাবে লক্ষ্য করি। তৎসম-তদ্ভব-দেশি শব্দের পাশাপাশি আরবি-ফারসি শব্দ নজরুল আলোচ্য কবিতায় সচেতনভাবে ব্যবহার করেছেন। শব্দ-ব্যবহারে নজরুলের কৃতিত্ব হলো—নতুন হোক পুরাতন হোক, দেশি হোক বিদেশি হোক—শব্দের সংগীতধর্ম ও ধ্বনিগুণ ব্যবহারে তিনি ছিলেন অসাধারণ কুশলী শিল্পী।
বিষয়ভাবনা এবং জীবনার্থের মতো, শব্দ-ব্যবহারেও ‘বিদ্রোহী’ কবিতায় কোনরূপ দাসত্ব স্বীকার না করে স্বাধীন স্ফূর্তিতে তিনি চয়ন করেছেন তাঁর প্রিয় শব্দরাজি। ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে নেই কোনো জাতবিচার। এ কবিতায় ওজোধর্মী সংস্কৃত শব্দের পাশেই ভেদিয়া, ছেদিয়া, ভীম ভাসমান মাইন, ঠমকি দমকি, হরদম ভরপুর মদ, তুড়ি দিয়া ইত্যাদি শব্দ বা শব্দবন্ধ অবলীলায় ব্যবহৃত হয়েছে। এ কবিতায় নজরুলের শব্দচেতনায় এখানেই স্বাতন্ত্র্য যে তিনি ধ্বনি-প্রবাহের অনুগামী করে শব্দের মধ্যে নিয়ে এসেছেন প্রবল জীবনাবেগ। ‘বিদ্রোহী’ কবিতায় শব্দ-ব্যবহারের এই নতুন পরীক্ষা আধুনিক বাংলা কবিতার বিকাশকে সদর্থক মাত্রায় করেছে প্রভাবিত।
'বক্তব্যের অনুক্রম অনুযায়ী কবিতাটিকে মােট দশটি স্তবকে ভাগ করা যায়। প্রথম স্তবকে আমি’-র শক্তিমত্তার পাশাপাশি রয়েছে বিজয়ের প্রত্যয় , আর এই বিজয়ের জন্য প্রয়ােজন আঘাতকারীর। আমি’-র ধ্বংসাত্মক রূপ, যা কবিতাটির ১১ থেকে ২৭ পঙক্তি পর্যন্ত ঘূর্ণিত: ‘আমি ঝঞা, আমি ঘূর্ণি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। শক্তির উদ্বোধন ও সংহারচিত্রের পরই হঠাৎ শুরু হলাে মিলনের নৃত্যপাগল ছন্দ। ২৮ থেকে ৩৭ পঙক্তি পর্যন্ত আমি এমন এক মুক্ত জীবনান্দ, যে শত্রুর সাথে গলাগলি করে, আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কিন্তু মিলনের এই আকাঙ্ক্ষার পর পরবর্তী দুই পঙক্তিতে ‘আমি’ আবার মহামারী, ভীত, শাসন-ত্রাসন ও সংহার রূপে আবির্ভূত। তারপর ৪২ থেকে ৫১ সংখ্যক পঙক্তিতে আবার আছে উদ্দাম ইতিবাচকতা, হােমশিখা, উপাসনা, নিশাবসানের আকাঙ্ক্ষা। আর এই অংশের ৪৯ তম পঙক্তিতেই আছে সেই জাদুকরী সরল স্বীকারােক্তি:মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য।'
৩।
বর্তমান সময়ে নানা রকম অসাম্যের ভীড়ে আমরা গভীরভাবে উপলব্ধি করি ‘ বিদ্রোহী’ কবিতার প্রাসঙ্গিকতা ও তার অম্লান তাৎপর্যের কথা। উপনিবেশবাদের অবসান ঘটলেও বিশ্বায়নের শৃঙ্খল আর পুঁজিবাদের শােষণ বঞ্চনা অত্যাচার নির্যাতনসহ আর্থসামাজিক বৈষম্য সবকিছুই বলবৎ আছে। অন্যদিকে মানুষের শক্তির প্রতি, তার বীরত্বের প্রতি অনাস্থাও সমানভাবে অটুট। তাই নজরুলের ভাষায় — 'শান্ত থাকার অবকাশ মিলছে চতুষ্পর্শের প্রতিবাদহীন মেরুদণ্ডহীনতার পরিপ্রেক্ষিতে বিপুল কাম্য হয়ে উঠেছে উন্নত মম শির’- এর বজ্ৰদীপ্ত ঘােষণা। শােষণ পীড়ন আর বৈষম্য থেকে মুক্তির সংকল্প নিয়ে মানুষের আপন শক্তির উদ্বোধন ঘটিয়ে নজরুল কথিত বিদ্রোহের রণে অশ্লীন হওয়ার যেন বিকল্প নেই।
অত্যাচারীর 'থঙ্গ কৃপাণে’র তলে উৎপীড়িতের ক্রন্দন রােল’ এই বাংলার বিশেষ করে আসাম সহ গোটা উত্তরপূর্বের আকাশে -বাতাসে আজও প্রতিনিয়ত ধ্বনিত প্রতিধ্বনিত। ভারতের উত্তর-পূর্বের সবচেয়ে বড় রাজ্য হল আসাম।এখানে অসমিয়াদের সঙ্গে আছে প্রচুর বাঙালি, হিন্দিভাষী, বড় জনগোষ্ঠী, মার,ডিমাসা,কার্বি, মিসিং,আহোম,মণিপুরি সহ ছোট ছোট জনসমাজ। শাসকগোষ্ঠীদের দায়িত্ব ছিল সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে জীবন পরিচালনার মানদন্ড বৃদ্ধি করার। কিন্তু দেশভাগ অর্থাৎ স্বাধীনতার পর থেকেই আধিপত্যবাদী অসমীয়া রাজনৈতিক সমাজ অসমীয়াকরণের পথে তার দাপট কায়েম করে চলছে। আধিপত্যবাদের সন্ত্রাসে আমরা আক্রান্ত। একদিকে আগ্রাসনের শিকার আর অন্যদিকে বিভাজনের রাজনীতি। ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষে যুক্তিহীনভাবে বিভাজিত হিন্দু বাঙালি ও মুসলমান বাঙালি। তাই বাঙালির শত্রু ঘরে বাইরে। এই সময়ে নজরুলের 'বিদ্রোহী' কবিতা আমাদের অনন্ত প্রেরণা। বাঙালি মানসে কবিতাটি ‘চির উন্নত শির’ বিরাজমান।
পরাধীনতার জরাজীর্ণ সময়ে নজরুলের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। ধূমকেতুর মতােই তিনি যুদ্ধ ঘােষণা করেছেন দাসত্বের বিরুদ্ধে, শােষণে শােষণে জর্জরিত জীর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এবং ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তাঁর এই বিদ্রোহ সমাজের সর্বস্তরে ধেয়ে চলেছে। এই একবিংশ শতাব্দীতে কোনো কবি এমন কবিতা লিখতেন হয়তো জেলবন্দি থাকতে হত তাঁকে৷ সত্যিকার অর্থে এক নজরুল জন্মেছিলেন বাংলা ও বাঙালির ভুবনে। সব মিলিয়ে পুরোপুরি সৃষ্টিশীল এক মানুষ — যখন যা পেরেছেন দিয়ে গেছেন 'সৃষ্টি সুখের উল্লাসে'। নজরুলের 'বিদ্রোহী' কবিতা আমাদের জাগরণের স্মারক। দুঃশাসন থেকে মুক্তির জন্য 'বিদ্রোহী' কবিতা এক অনন্য প্ল্যাটফর্ম। এই কবিতাটি পৃথিবীর বঞ্চিত, শোষিত নিপীড়িত-নির্যাতিত, পরাধীন সকল জাতির মুক্তিসংগ্রামের অনবদ্য শক্তির তেজোদীপ্ত উৎস।
তথ্যসূত্রঃ
১। "কাজী নজরুল ইসলাম: 'বিদ্রোহী' কবিতার একশো বছর, ১৯২১ সালের ডিসেম্বর মাসে যেভাবে লেখা হয়েছিল” । বিবিসি বাংলা।
২। চৌধুরী, দিলিপ (২০০৬-০৯-২২)। "Nazrul Islam: The unparalleled lyricist and composer of Bengal" (HTML) I (2
ইনফরমেশন ব্যুরো, ভারত সরকার। সংগ্রহের তারিখ ২০০৬-০৯-২২।
৩। আচার্য, সুব্রত; কলকাতা (২০১৭-০৫-২৫)। ” 'বিদ্রোহী’ কবিতার আঁতুড়ঘর” | The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬।
৪। আন্তর্জাতিক নজরুল : আবু রিদা সম্পাদিত।
৫। দাস, অভিজিৎ (নভেম্বর ২০১৮)। "নজরুলের হারামণি"। শিক্ষা পাতা।
৬। কবিতার শিরোনাম হয়ে ওঠে কবির উপাধি :
বিশ্বজিৎ ঘোষ।
৭। 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ ও সমাজ বাস্তবতা :
হাফিজ বিন রহমান।
৮। শতবর্ষে নজরুলের ‘বিদ্রোহী’ : তরুণ কবির স্পর্ধা সেদিন ঝড় তুলেছিল : সুমন সাধু।
৯। "চির-উন্নত মম শির :: শেষের পাতা :: কালের কণ্ঠ"।
web.archive.org। ২০১৫-০৩-১৫। Archived from the original on ২০১৫-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬।
১০। বিদ্রোহীর বিস্তীর্ণ আকাশ জুড়ে কাজী নজরুল ইসলাম : ফারুক আহমেদ।
No comments:
Post a Comment