Tuesday, November 7, 2023

মলয় রায়চৌধুরী : বাংলা সাহিত্যের 'হাংরি' লেখক


'হাংরি' বলতে 'ক্ষুধার্ত' বোঝায় না। হাংরি শব্দটা IN THE SOWRE HUNGRY TYME থেকে নেয়া; অর্থাৎ পচনরত কালখণ্ডকে হাংরি বলা হয়। - মলয় রায়চৌধুরী

হাংরিয়ালিস্ট মলয় রায় চৌধুরী আর নেই। ২৬ অক্টোবর ২০২৩-এ প্রয়াত হলেন হাংরি আন্দোলনের আর এক প্রবক্তা ও পুরোধা কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মলয় রায়চৌধুরী। মলয় রায় চৌধুরী ফেসবুকেও ছিলেন, বয়স হয়েছিল বেশ কিন্তু ছিলেন সক্রিয়। তাঁর জন্ম ১৯৩৯ সালের ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের ছাতনায়। তবে আশৈশব তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা সবই বিহারের পাটনা শহরে। ১৯৬১ সালে তাঁর দাদা কবি সমীর রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায় ও দেবী রায়ের সঙ্গে তিনি হাংরি আন্দোলনের ম্যানিফেস্টো তৈরি করেন এবং ওই আন্দোলনের সূচনা করেন। কিছুদিনের মধ্যেই এই আন্দোলনে যোগ দেন বিনয় মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপলকুমার বসু, ফাল্গুনী রায়, সুবিমল বসাক, বাসুদেব দাশগুপ্ত প্রমুখ কবি-লেখকরা। বছর চারেক পরে এই আন্দোলন ভেঙে যায়। তার আগেই অবশ্য বিনয় মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়, দেবী রায়, সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপলকুমার বসু এই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন।

১৯৬৪ সালে হাংরি বুলেটিনে মলয় রায়চৌধুরীর 'প্রচণ্ড বৈদুতিক ছুতার' কবিতাটি প্রকাশিত হওয়ার পরই অশ্লীলতার অভিযোগে তিনি গ্রেফতার হন। প্রায় তিন বছর ধরে চলেছিল সেই মামলা। নিম্ন আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হলেও, ১৯৬৭ সালে উচ্চ আদালতে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। সুনীল গঙ্গোপাধ্যায়, তরুণ সান্যাল, জ্যোতির্ময় দত্ত প্রমুখ তাঁর পক্ষে সাক্ষী দিয়েছিলেন। প্রসঙ্গত, মলয় রায়চৌধুরীর পক্ষে সাক্ষী দিলেও সুনীল গঙ্গোপাধ্যায় হাংরি আন্দোলনকে সমর্থন করেননি। 'মলয় রায়চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ 'শয়তানের মুখ' প্রকাশিত হয়েছিল কৃত্তিবাস প্রকাশনী থেকে ১৯৬৩ সালে। প্রথম কাব্যগ্রন্থ থেকেই মলয় তাঁর নিজস্ব বাচনভঙ্গি তৈরি করে নিয়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে বাংলা কবিতার প্রথাগত ধারা থেকে তিনি বেরোতে চেয়েছিলেন। তাঁর লেখায় তিনি যৌনতার সঙ্গে মিশিয়েছিলেন ব্যঙ্গ, আত্মপরিহাস ও মানুষের অসহায়তাকে'।

প্রতিষ্ঠান-বিরোধিতার কারণে তিনি ষাটের দশক থেকেই বৃহত্তর পাঠকগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করেছিলেন। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। পরবর্তী সময়ে সাহিত্যে উত্তর-আধুনিকতাবাদ -এর চর্চাও করেন। অধুনান্তিক সাহিত্যচর্চা নিয়ে তাঁর দাদা সমীর রায়চৌধুরীও লেখালেখি করেছেন। মলয় রায়চৌধুরীর কাব্যগ্রন্থের মধ্যে 'শয়তানের মুখ', 'জখম', 'আমার অমীমাংসিত শুভা', 'মেধার বাতানুকূল ঘুঙুর', 'চিৎকারসমগ্র', 'মাথা কেটে পাঠাচ্ছি, যত্ন করে রেখো' ইত্যাদি উল্লেখযোগ্য। নব্বইয়ের দশকে প্রকাশিত হয় তাঁর উপন্যাস 'ডুবজলে যেটুকু প্রশ্বাস' এবং এবছরই প্রকাশিত হয়েছে তাঁর সাম্প্রতিক উপন্যাস 'গহ্বরযান'। তিনি অনুবাদ করেছেন উইলিয়াম ব্লেক, জাঁ ককতো, অ্যালেন গিন্সবার্গ, পাবলো নেরুদা, লোরকা প্রমুখের রচনা।

একটা সলজ্জ স্বীকারোক্তি দিই। গ্রেজুয়েশন করার সময়ে  কে যেন পড়তে দিয়েছিল 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার'। প্রথমে ক্যাজুয়ালি এমনিই পড়েছি- যে বৈদ্যুতিক ঝটকা লেগেছে। আবার পড়েছি, আবার পড়েছি। পরে তো হাংরিদের সম্পর্কে পড়েছি, বই কিনেছি, পড়েছি। কিন্তু প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার- আহ, সত্যিই এইরকম একটা কবিতা যদি লিখে যেতে পারতাম, মরে গেলেও বলতে পারতাম একটা কিছু লিখে মরেছি। কবিতাটার জন্যে মলয় রায় চৌধুরীর সাজা হয়েছিল কোলকাতার একটা আদালতে। হাংরি বুলেটিনে প্রকাশিত হয়েছিল কবিতাটি, বুলেটিনের সাথে জড়িত অনেকেরই সাজা হয়েছিল। কি ওদের অপরাধ? ওদের অপরাধ নাকি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশ্লীলতা, তরুণ সমাজকে বিপথগামী করা ইত্যাদি। এইটা ছিল কবিতা লেখার জন্যে মলয় রায় চৌধুরীর প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার। 

ফেসবুকে উনার ফ্রেন্ড লিস্টে থাকার সুবাদে কথোপকথন হতো। আমাদের 'মননভূমি' লিটলম্যাগ-এ কবিতাও দিয়েছেন। কথোপকথনে হঠাৎ একদিন ইমেলে পাঠিয়ে দিলেন 'অ্যালেন গিন্সবার্গ-এর কবিতা ‘বাস্তব সিংহ’: অনুবাদ মলয় রায়চৌধুরী'। এছাড়াও আরও পাঠিয়ে ছিলেন আমাকে পড়ার জন্য - জন্ম ও যোনীর ইতিহাস, গহ্বরযান, প্যারিস স্প্লিন: শার্ল বদল্যার অনুবাদ মলয় রায়চৌধুরী সহ অন্যান্য। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘Modern And Postmodern Poetry Of The Millenium’ সংকলনে দক্ষিণ এশিয়া থেকে অন্তর্ভুক্ত এইটিই একমাত্র কবিতা বলে ভূমিকায় জানিয়েছেন সম্পাদক জেরোম রোদেনবার্গ। হাংরি আন্দোলন সম্পর্কে The Hungryalists নামে ২০১৮ সালে একটি বই লিখেছেন মৈত্রেয়ী ভট্টাচার্য চৌধুরী । মলয় রায়চৌধুরীর ‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতাটিকে অধ্যাপক শীতল চৌধুরী বলেছেন এটি বাংলা সাহিত্যে একটি সার্থক ও গুরুত্বপূর্ণ কবিতা।

কবিতার সমস্ত রেখাচিত্র ভেঙে দিয়ে একটি নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। এই  ক্ষুধার্ত প্রজন্মের কবিতা বাংলা কবিতার দিকচিহ্ন শুধু নয় এক  উজ্জ্বল স্তম্ভ। 'মা, তুমি আমায় কঙ্কালরূপে ভূমিষ্ঠ করলে না কেন ?/তাহলে আমি দুকোটি আলোকবর্ষ ঈশ্বরের পোঁদে চুমু খেতুম'—প্রতিষ্ঠান বিরোধিতার আওয়াজ তুলে  মলয় রায়চৌধুরীই প্রথম বাংলা সংস্কৃতিতে বিকল্প এক রাস্তার সন্ধান দিয়েছিলেন। প্রতিষ্ঠান বিরোধী  বিশ্বাস হল এটাই  যা  সমাজের প্রচলিত সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতির বিরোধিতা করে এবং সামষ্টিক  মানুষের শুভবোধের কথা বলে । এই  আওয়াজ  বহু পরে অন্যান্য দেশে প্রতিষ্ঠানবিরোধী আন্দোলন চোখে পড়ে । যেমন প্যারিসের ছাত্র আন্দোলন । কী হয় কবিতা লিখে ? এই প্রশ্ন মাঝেমাঝে  আমাদের বিভ্রান্ত করে। কিন্তু এ কথা সত্য যে কবিতার চেয়ে ধারালো অস্ত্র পৃথিবীতে আর কিছু নেই। হাংরি আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের হস্তক্ষেপে তা যেমন প্রমাণিত হয়েছে।  সারা পৃথিবীর বিভিন্ন শাসকবিরোধী অবস্থানে কবিদের নেমে আসা আক্রমণ এই সত্যকেই প্রমাণ করে। শুধু কবিতার জন্য যদি এত অত্যাচার নেমে আসে তাহলে বোঝা যায় কবিতার শক্তিমত্ততা।

 'পৃথিবীর বিভিন্ন দেশে মারামারি, হানাহানি ও আধিপত্যবাদের কালোছায়ার পাশাপাশি জঙ্গিবাদের ভয়াল থাবার আতঙ্কে আতঙ্কিত বিশ্ববাসী। পৃথিবীর শান্তিকামী মানুষ চায় স্বাধীনতা ও মুক্তবিশ্ব। স্বভাবতই পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী কবিদের হাতে প্রতিবাদ আর প্রতিরোধের কবিতা হয়ে উঠছে আরও শানিত। কবিতা প্রেমের, কবিতা দ্রোহের, কবিতা ভালোবাসার। কবিতা প্রতিবাদের। আমরা নিশ্চিত যে কবিতার সবর্গ্রাহ্য কোনো সংজ্ঞা নেই, অথবা কবিতাকে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়।' বাংলা কবিতার  চির বিতর্কিত কিংবদন্তি আপনি। বাংলা সাহিত্যের ইতিহাসে অনস্বীকার্য নাম হিসেবেই উচ্চারিত হবেন মলয় রায়চৌধুরী। তবু, ‘ওঃ মলয়’, আপনার মৃত্যু - ‘কল্কাতাকে আর্দ্র ও পিচ্ছিল বরাঙ্গের মিছিল মনে হচ্ছে আজ...’। মনে হচ্ছে- বাংলা সাহিত্যের একটা কালপর্বের শেষ হলো- এন্ড অব দ্যা ইরা।

Tuesday, October 31, 2023

আলোচনা 'হাইফেন' গল্প - শঙ্কু চক্রবর্তী


যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি৷ সমলিঙ্গে হোক বা বিপরীত লিঙ্গ, যৌনতার প্রতি আকর্ষণ মানুষ মাত্রই থাকবে৷ এই ধারণাই বেশিরভাগ মানুষ পোষণ করেন৷ কিন্তু এর বাইরেও রয়েছে আরও একটি শব্দ৷ অযৌনতা বা এসেক্সুয়ালিটি। কোনও রোগ বা প্রবৃত্তি নয়, LGBT+-র একটি প্রকারভেদ।

'হাইফেন' আমরা সাধারণত বুঝি - 'একটি বিরাম চিহ্ন যা শব্দগুলিকে যুক্ত করতে এবং একটি একক শব্দের সিলেবল আলাদা করতে ব্যবহৃত হয়'। তো এই শব্দকে নামকরণ করেছেন লেখক শঙ্কু চক্রবর্তী  তাঁর গল্পের (হাইফেন)। গল্পের প্রতিটা অংশ অসাধারণ শব্দ বুননে তৈরি।শুরুর দিকে প্রচন্ড রিচুয়াল ফেমিলি যে নিজের মেয়ের বিয়ে নিয়ে মেট্রিমনি থেকে শুরু করে হাঁসের সঙ্গে বিয়ে। মাঙ্গলিক দোষ কাটিয়ে পেয়েছেন - 'জামাই আমার সোনার ছেলে'। সামাজিক কায়দার বহির্ভূত তো নয়, বিয়ে মানে শুধুই নাতির মুখ দেখা।  উৎসুক, পরিবার থেকে নিকটাত্মীয়ের ক্যাটাগরি। তাই পারমিতা কবে মা হচ্ছে ওর পেট খুদতে অস্থির ঠাম্মা থেকে দিদারা।

গল্পটা যতবারই পড়েছি 'তুমি সুখ যদি নাহি পাও,যাও, সুখের সন্ধানে যাও' এই লাইন বারবার মনে আসতে থাকে। পারমিতা আর অর্ণব ইঞ্জিনিয়ার হলেও রিলেশনশিপ স্ট্যাটাস সাংঘাতিক টুইস্ট। ইন্ট্রোভার্ট একটা মানুষের সাথে পারমিতা, যে সারাক্ষণ বকবক করতে পারে। বুঝাতে চেয়েছে অর্ণবকে কাপোলরা শুধু একছাদের তলায় থাকা নয়, সেক্স ও জরুরি, উই আর লিগেলি হাজবেন্ড এন্ড ওয়াইফ। কিন্তু অর্ণবের কথা কি ফেলা যায়, বিয়েতে সেক্স নির্ভর 'লিগেলাইজড প্রস্টিটিউশনস'। সেই জায়গায় গল্প বলছে অর্ণব অন্য কিছু বলতে চাইছে যা পারমিতা বুঝতে পারছে না।

'সেক্স' মানুষের দৈনিক চাহিদা। শরীরের অন্যান্য চাহিদার মতো এটাই একটা। মূলত আমরাই এটাকে কনজারভেটিভ করে ফেলেছি। সেজন্য পর্যাপ্ত যৌন শিক্ষারও প্রয়োজন। সেক্সুয়েল ওরিয়েন্টেশনের বাইরেও তো থাকা যায়। যেটা অর্ণব চাইছিল। পরিবারের ভয়ে ডিভোর্স দিতে পারছে না। আর অন্যদিকে পারমিতার জন্যও তার মন খারাপ। কিন্তু এই মন খারাপের মাঝে অর্ণব পরিচয় করিয়ে দেয় টার্কিস ছেলে সেলিমের সঙ্গে পারমিতাকে। সম্পর্কের ডানা মেলে ঠোঁটে ঠোঁট ঘনত্ব বেড়ে যায় বেডরুম পর্যন্ত -
'Down the way
Where the nights are gay
And the sun shines daily on the mountaintop'। এখানেই একটা কিন্তু থেকে যায়, অর্ণব কোন প্রেক্ষিতে পারমিতার জীবন নিয়ে খেললো। তাঁর মেইল ইগোর জন্য ?

নারী ও পুরুষের যৌন চেতনায় বিরাট একটা পার্থক্য আছে তাঁদের এসেক্সুয়ালিটি নিয়ে। এদের বৈশিষ্ট হলো, এঁরা কোনো জেন্ডারের প্রতিই সেক্সুয়ালি এট্রাকটেড ফীল করে না। এঁরা ইম্পটেন্ট নয়, শারীরিক ভাবে যৌন মিলনে খুবই সক্ষম। কিন্তু এঁরা তাঁদের কারো সাথে যৌনতা ইনক্লুসিভ কোনো রোমান্টিক সম্পর্কে জড়ান না বা জড়াতে পারেনই না। একজন পুরুষ জন্মসূত্রে এসেক্সুয়াল না হলে তাঁদের জন্য আর কখনোই এসেক্সুয়াল হওয়া সম্ভব না। অথচ জন্মসুত্রে এসেক্সুয়াল নন, এমন একজন নারীর জন্য জীবনের একটি পর্যায়ে সেক্সুয়ালি একটিভ জীবন যাপন করার পরেও অন্য একটি পর্যায়ে এসেক্সুয়াল হয়ে যাওয়া মোটেও অসম্ভব না। স্থায়ীভাবে একা থাকা কোন মহিলা যৌন বিবর্জিত হওয়ার জন্য প্রথম দিকে কিছু অসুবিধা ফিল হলেও কিন্তু কিছুদিন এভাবে চলবার পর তাঁরা নিজে থেকেই এই সমস্যা কাটিয়ে ওঠেন এবং এই এসেক্সুয়ালিটিতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে বাকিটা জীবন তাঁদের জন্য এই এসেক্সুয়াল জীবনযাপনে আর কোনো সমস্যা হয় না। কিন্তু এখানেই গল্পের 'হাইফেন'। পারমিতা  'লিউট'-র শব্দে আর সামলাতে পারলনা নিজেকে প্রশান্তি দিলো সেলিমের নগ্ন মসৃণ বুকের লোমে তার মাথা রেখে। যেখানে গল্পটা বলছে পারমিতা একটা পার্টিকুলার রীতিমতো এরেঞ্জড মেরেজ করেছে। কিন্তু অর্ণবের সাথে শীতল সম্পর্ক পারমিতা সেই জায়গায় 'হাইফেন' বসায় - 'লক্ষণরেখাকে মনে হয়, 'মাই ফুট, ফাকিং রেখা'। 

শঙ্কু দা'-র 'হাইফেন'-এ মেলোডিয়াস এবং চাহিদা আর উত্তেজনার ককটেল আমার কাছে উত্তরপূর্বের গল্প সমগ্রে এনেছেন এক অভিনবত্ব। পারমিতা-অর্ণব-সেলিম এই ত্রিশঙ্কু পরিচয়কে এক বৃত্তে কেন্দ্রভূত করা চারটে খানে বিষয় নয়। এসেক্সুয়ালিটি একটি স্বাভাবিক বিষয় খুব সাবলীল ভাবে বলে গেলেন। এসেক্সুয়ালিটি এতটাই কমন ব্যাপার জীবন যাপনে অসুবিধে তো দূরের কথা অভ্যস্ত হওয়া স্বাভাবিক। তাই 'হাইফেন' সবদিক থেকেই এক স্বার্থক উদ্ধার।

Wednesday, October 11, 2023

বাল্যবিবাহ রোধ: শুধু চমকে নয়, শিক্ষা ও কর্মসংস্থানেই এর সমাধান


বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। ইউনিসেফ এর তথ্যানুযায়ী প্রতিবছর প্রায় দেড় লক্ষ বাল্যবিবাহ হয়ে থাকে ভারতে। বাল্যবিবাহ মেয়েদের উপর স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে। বাল্য বিবাহের কারণে তাদের শিক্ষার সুযোগ সীমিত হওয়া, গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধিসহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায়। ভারতবর্ষে বাল্যবিবাহের বেশ কিছু জটিল ও আন্তঃসম্পর্কিত কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, শিক্ষার অভাব, সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি, সীমিত আইনি সুরক্ষা, সংঘাত ও স্থানচ্যুতি ইত্যাদি।

ভারতবর্ষে অনেক পরিবার অর্থনৈতিক সংকটের কারণে তাদের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। বাল্যবিবাহকে প্রায়ই আর্থিক বোঝা কমানোর এবং অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত করার উপায় হিসেবে দেখা হয়। প্রচলিত পিতৃতান্ত্রিক রীতিনীতি এবং লিঙ্গ বৈষম্য কন্যা সন্তান ও নারীদের অবমূল্যায়নের দিকে নিয়ে যায়। বাল্যবিবাহকে প্রায়ই মেয়েদের সতীত্ব ও সম্মান রক্ষার উপায় হিসেবে দেখা হয় এবং তাদের স্বাধীনতা ও চলাফেরা সীমিত করা হয়। শিক্ষার অভাব এবং বাল্যবিবাহের নেতিবাচক পরিণতি সম্পর্কে সচেতনতার অভাব এর প্রসারে ভূমিকা রাখে। গ্রামাঞ্চলের অনেক পরিবার তাদের মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক সুস্থতার উপর বাল্যবিবাহের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে অবগত নয়।

সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি বাল্যবিবাহের ধারণাকে প্রচার করে, বিশেষ করে কন্যাশিশুদের ক্ষেত্রে। এই নিয়মগুলি প্রায়শই ধর্মীয় নেতা, মোল্লা, পুরোহিত, সমাজের প্রবীণ এবং পরিবারের সদস্যদের দ্বারা জোরালোভাবে সমর্থন করা হয়। যদিও বাল্যবিবাহ বেআইনি, তবুও মেয়েদের বাল্যবিবাহ থেকে রক্ষা করা খুবই সংগ্রামের। সংঘাত ও বাস্তুচ্যুতির সময়ে, বাল্যবিবাহ বৃদ্ধি পেতে পারে কারণ পরিবারগুলো তাদের মেয়েদের নিরাপত্তাহীনতা ও অস্থিরতা থেকে রক্ষা করার চেষ্টা করে। বাল্যবিবাহ মেয়েদের এবং তাদের পরিবারের জীবনে বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলে। যে সব মেয়ের অল্প বয়সে বিয়ে হয় তাদেরসহ শিশুমৃত্যুর ঝুঁকি বেশি থাকে, সেইসাথে গর্ভাবস্থা এবং প্রসবের সাথে সম্পর্কিত জটিলতার ঝুঁকি থাকে। তারা তাদের স্বামীর কাছ থেকে শারীরিক ও যৌন সহিংসতার শিকার হতে থাকে।

যে সকল মেয়ের অল্প বয়সে বিয়ে হয়- তারা প্রায়ই স্কুল ছেড়ে দেয়, যা তাদের শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ সীমিত করে। এটি দারিদ্র্য এবং বৈষম্যের চক্রকে স্থায়ী করতে অবদান রাখে। বাল্যবিবাহ মেয়েদের অর্থনৈতিক সুযোগে প্রবেশ সীমিত করে এবং আর্থিক স্বাধীনতা অর্জনের ক্ষমতা হ্রাস করে। এটি দারিদ্র্য এবং লিঙ্গ বৈষম্যের চক্রকে স্থায়ী করে তোলে। যেসব মেয়ের অল্প বয়সে বিয়ে হয় তাদের প্রায়ই সীমিত সামাজিক সমর্থন থাকে এবং তারা তাদের পরিবার এবং সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হতে থাকে। বাল্যবিবাহের শিকারে একটি মেয়ে মানসিক স্বাস্থ্য সমস্যা পড়ে, যেমন হতাশা, উদ্বেগ এবং চাপ, বিশেষ করে যদি মেয়েটিকে বিয়েতে বাধ্য করা হয়।বাল্যবিবাহ মেয়েদের পছন্দ এবং তাদের জীবনের পথ বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। তারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগে প্রাপ্তবয়স্কদের ভূমিকা এবং দায়িত্ব নিতে বাধ্য হয়, যা তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলে।

আসাম তথা ভারতের অনেক জায়গায় বাল্যবিবাহ একটি বড় সমস্যা।  প্রথা রোধ করার লক্ষ্যে আইন ও নীতি তৈরি করা সত্ত্বেও, বাল্যবিবাহ এই অঞ্চলে একটি বিস্তৃত সমস্যা রয়ে গেছে।  বাল্যবিবাহ বলতে ১৮ বছরের কম বয়সী শিশুর বিয়েকে বোঝায়, কখনও কখনও ছয় বা সাত বছরের কম বয়সী। আসামে বাল্যবিবাহের প্রধান কারণ হল দারিদ্র্য, সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি, ধর্ম বিশ্বাস এবং শিক্ষার অভাব।  রাজ্যের অনেক গ্রামীণ এলাকায়, পরিবার বাল্যবিবাহকে তাদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উপায় হিসেবে দেখে।  তারা বিশ্বাস করে যে অল্প বয়সে বিয়ে করলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামাজিক কলঙ্ক এড়ানো যাবে।  কিছু সম্প্রদায়ের মধ্যে, বাল্যবিবাহকে পরিবারের মধ্যে সামাজিক মিত্রতা স্থাপনের একটি উপায় হিসেবেও দেখা হয়। আসামের পুলিশ বাল্যবিবাহ ঠেকাতে এখনও পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। বাল্য বিবাহ করেছে, এমন কম বয়সী ছেলেরা যেমন এর মধ্যে আছে, তেমনই ধরা হয়েছে তাদের পরিবার আর কাজী – পুরোহিত যারা ওইসব বিয়ে দিয়েছেন, তাদেরও।

অসমে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। কোভিড অতিমারির বিস্তার রোধে ২০২০ সালে কঠোর লকডাউনের সময় দেশে অন্যান্য অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে  কিন্তু বাল্যবিবাহ বাড়ছিল বেশ উর্ধ গতিতে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মতে, ২০২০ সালে অন্য বছরের তুলনায় দেশে বাল্যবিবাহ ৩৩ শতাংশ বেড়েছে।  শুধুমাত্র আগস্টেই এই সংখ্যা ৮৮ শতাংশ বেড়ে দাঁড়ায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে, এই সময়ের মধ্যে দেশে অন্যান্য অপরাধের সংখ্যা ১৩.২৬ শতাংশ কমেছে।  তবে বাল্যবিবাহ নিরোধ আইনের অধীনে নথিভুক্ত মামলার সংখ্যা ১৬৭.৯২ শতাংশ বেড়েছে।  রাজ্যে বাল্যবিবাহ নিয়ে চলমান সরকারি প্রচারণা এবং বিতর্কের আলোচনায় এই পরিসংখ্যানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসমে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে গত সোমবারে বাল্যবিবাহ করা এবং এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১ হাজার জনকে। আগামী পাঁচ বছরের মধ্যেই রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্য নিয়েছে সরকার। চলতি বছরেই শুরু হয়েছে বাল্যবিবাহ বিরোধী অভিযান। ফেব্রুয়ারি মাসেই শুরু হয় বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যব্যাপী এই অভিযান । প্রথম দফার অভিযানে সেখানে গ্রেফতার করা হয় ৩ হাজার ১৪১ জনকে। কম বয়সী মেয়েদের বিয়ে করা এবং ওই বিবাহর ব্যবস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের।

রাষ্ট্ৰসংঘের সংস্থা ইউনিসেফের মতে, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এবং পুরুষতন্ত্রের মতো সামাজিক স্টিরিওটাইপ বাল্যবিবাহের প্রধান কারণ। ৷ বিশ্বে ভারতের বাল্যবিবাহের প্রকোপ  অনেক বেশি এবং ইউনিসেফ এর পিছনে গভীর আর্থ-সামাজিক কারণগুলিকে মোকাবেলা করার জন্য বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে ৷ কন্যাশিশুর  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পুষ্টির যত্নের প্রচার এবং তাদের স্বাস্থ্যকর, উৎপাদনশীল এবং শক্তিশালী প্রাপ্তবয়স্ক করার জন্য তাদের প্রতিভা অনুসারে তাদের বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করার জন্য জেলা পর্যায়ে কাজ করার দিকে মনোনিবেশ করেছে। ৷ একইভাবে, ভারত সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০০৬ প্রণয়নের মতো আইনি প্রতিকার গ্রহণ করেছে এবং বিভিন্ন শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ৷ কর্মসূচির তীব্রতাও বাড়ছে  এর ফল আমরা দেখছি পরিসংখ্যান মতে দেশে বাল্যবিবাহের সংখ্যা ধীরে ধীরে কমছে ৷ ২০০৫ সালে, বাল্যবিবাহের হার ছিল ৪৭.৪ শতাংশ এবং ২০২১ সালের মধ্যে তা ২৩.৩ শতাংশে নেমে আসে ৷ বিপরীতে, আসামের পরিসংখ্যান কিন্তু সন্তোষজনক নয় ৷ সর্বশেষ জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা (২০১৯-২১) অনুসারে, গ্রামীণ আসামের ২০-২৪ বছর বয়সী এক তৃতীয়াংশ নারীর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায় ৷ এ ক্ষেত্রে আসামের চেয়ে এগিয়ে রয়েছে শুধু বিহার ও ঝাড়খণ্ড ৷ জরিপে আরও জানা গেছে যে ১১.৭ শতাংশ কিশোরী ১৫ থেকে ৯ বছর বয়সে হয়ে যায় মা অথবা গর্ভবতী৷ এই পরিসংখ্যান প্রমাণ করে যে বাল্যবিবাহ রোধে সক্রিয় পদক্ষেপ প্রয়োজন  কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইন এবং পোকসোর (protection of children from of sexual offences) মতো কঠোর আইনের অধীনে হাজার হাজার পুরুষকে গ্রেপ্তার করা এবং পরিবারগুলিকে হঠাৎ করে সামাজিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত করা কি এই সক্রিয়তার অংশ হতে পারে?

Friday, September 29, 2023

নীতি আয়োগের দারিদ্র‍্য সূচকে বরাকের স্থান কোথায়!


'যে কেড়েছে বাস্তুভিটে, সে-ই কেড়েছে ভয়, আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়।'

আমরা সাধারণত দেশ বলতে বুঝি এমন একটা জায়গা যেখানে শান্তিতে নিশ্বাস নেওয়া যায়। যেখানে একে অপরের প্ৰতি সহানুভূতিশীল ও সহমৰ্মী এবং একে অন্যের ভালমন্দের ভাগীদার। দেশ মানে এমন একখণ্ড মৃত্তিকা যা মানুষকে লালন করে, পালন করে পরম মমতায়। আর যখন সেই ভৌগলিক পরিসীমার প্ৰতি মানুষের মনে মাতৃভাবের উন্বেষ ঘটে, তখন সেটা দেশ থেকে রূপান্তরিত হয় স্বদেশে।ভাষিক সংহতি ছাড়া জাতি বা রাষ্ট্রের অস্তিত্ব অত্যন্ত ভঙ্গুর। রাষ্ট্রের শক্ত ভিত্তির প্রধান উপাদান ভাষাভিত্তিক জাতীয়তাবোধ। তবে ভাষাভিত্তিক জাতীয়তার বিকাশ ও সংস্কৃতির রূপরেখা একটি জাতির ইতিহাসে দীর্ঘ প্রক্রিয়ায় সমৃদ্ধি লাভ করে। রাজনীতি ও সংস্কৃতির নানা চড়াই উতরাই, ইতিহাসের বহুপথ কেটে একটি জাতির রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথ অন্বেষণ করতে হয়। সেক্ষেত্রে রাজনৈতিক ও সাংস্কৃতিক সক্ষমতা একটি জাতির টিকে থাকার প্রধান যোগ্যতা। 

মানুষের সভ্যতার ইতিহাসে লক্ষণীয়, চতুর্দশ শতক থেকে বিশ শতক পর্যন্ত পৃথিবীতে নানা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন ঘটেছে। এই সব আগ্রাসনে পৃথিবীর যে সব জাতি সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তাদের মাতৃভাষাই টিকে আছে। বিজিতের ভাষাগুলো বিজয়ীর ভাষার আগ্রাসনে বিলুপ্ত হয়েছে কিংবা বিলুপ্তির পথে রয়েছে। উদাহরণ স্বরূপ অস্ট্রিয়া, হ্যাঙ্গেরি, পোল্যান্ড, চেকস্লোভাকিয়া সহ ইতালির উত্তর টাইরোল ও স্ক্যান্ডেনেভিয় দেশ সমূহের স্থানীয় ভাষা এবং আফ্রিকার আদিম জনগোষ্ঠির বহু ভাষা আজ বিলুপ্ত।

আমরাও শান্তির বাসভূমি আসামকে এখানের মাটি ও মানুষের ভালোবাসায় লালিত পালিত হয়ে এই রাজ্যকে মনে প্রাণে ভালোবেসেছি স্বদেশ বা মাতৃভূমি রূপে। সুদীৰ্ঘ জীবন পরিক্ৰমায় এখানে আমরা অনেক কিছুই দেখেছি। দেখেছি জাতি দাঙ্গা, গোষ্ঠী সংঘৰ্ষ, রক্তক্ষয়ী আসাম আন্দোলন, ১৯৬১-র ভাষা আন্দোলন.... আরো কত কিছু। তবু পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছি বারবার। এতো উত্থান পতনের মধ্যদিয়ে এগিয়ে গিয়েও এই দেশটার প্ৰতি একাত্ম বোধের শিকড় যখন প্ৰথিত হয়েছে গভীর থেকে গভীরে, ঠিক এমন একটা সময়ে আবারও আমাদের জীবনে যেন নেমে আসে এক ভয়ঙ্কর অমানিশা। আজ উত্তর-পূর্বে প্রায় দেড় কোটি বাঙালির অস্তিত্বের সঙ্কট। সঠিক ভাবে বলতে গেলে এটা নিশ্চয়ই বলতে হবে আজও আমরা ভাষাগত পরিচয়কে পুঁজি করে একটা ঐক্যের বলয় তৈরি করতে পারি নি। 'ঘুসপেটিয়া’ পরিচয়ে, ডি-র তকমায়, ডিলিমিটেশনে আমাদের শিকড় নড়বড়ে।

আমাদের প্রাথমিক দায় হচ্ছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই অঞ্চলের বিপন্নতার প্রকৃতি নির্ণয় করা। 'বহিরঙ্গ দিয়ে বিচার করলে সে নিরূপণের কাজটা তেমন জটিলতায় আবৃত নয়। মোদ্দা কথাটা এভাবে বলা যায় যে বরাক উপত্যকার মানুষ নিত্যদিন যে বিপদ সম্ভাবনায় আতঙ্কিত, মূলত পরিচয়ে তা ভাষিক এবং সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়নগুলো সেই মৌলিক উৎস থেকেই উৎসারিত। আমাদের দেশের বর্তমান রাষ্ট্রকাঠামোতে এমনতরো সঙ্কট থেকে যদি উত্তীর্ণ হতে হয়, তবে সে প্রয়াসও একটা স্তরে রাজনৈতিক।' আসামের দক্ষিণাঞ্চল বরাক উপত্যকায় যথাক্রমে তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি। আয়তনের দিক থেকে প্রায় ৬৯২২ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরাক উপত্যকার জনসংখ্যা ছিল ৩৬,২৫,৩৯৯, তা বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষের অধিক। বরাক, কুশিয়ারা, ধলেশ্বরীর মিলনায়তন এই উপত্যকা বহু আগে থেকেই পিছিয়ে পড়া। জনসংখ্যার দিক থেকে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি হলেও সামাজিক-রাজনৈতিক-অর্থতৈনিক দিক দিয়ে জীবনধারণের মানদন্ডে ভারতের বিশেষ করে আসামের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক দূরে। নির্বাচনী ইশতেহার অনেক ঘোষণা থাকলেও রাজনৈতিক নেতা দুই একজন ব্যাতিক্রমী ছাড়া কন্ঠস্বর খুবই ক্ষীণ। দেখতে গেলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কাগজ কল পাঁচগ্রাম কাগজ কল এখন বন্ধ, অপমৃত্যু ঘটে আনিপুর চিনি কল, বন্যার প্রকোপ, দুর্বল কর্মসংস্থান, অবিকশিত কৃষি ক্ষেত্র। তাছাড়া কি আর বলার আমাদের ছেলেমেয়েরা পেটের তাগিদে বর্হিরাজ্যে গিয়ে কর্মসংস্থানে জুড়ছে। এককথায় তিমির অবগুণ্ঠনে বরাকের জনজীবন।

সম্প্রতি নীতি আয়োগের একটি রিপোর্ট সামনে এসেছে।
নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র সূচক (Multidimensional Poverty Index) তিনটির নিরিখে বিচার করা হয় শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান দিয়ে।গত পাঁচ বছরে দেশে কমেছে দরিদ্র মানুষের সংখ্যা। এমনটাই দাবি নীতি আয়োগের। সেই অনুসারে, ২০১৯-২১ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ দরিদ্র, যা ২০১৫-১৬ সালে ছিল প্রায় ২৫ শতাংশ। সাড়ে তেরো কোটি মানুষের দারিদ্রমুক্তি ঘটেছে, এমন সুখবরে নিশ্চয়ই আহ্লাদিত হওয়ারই কথা। কিন্তু সমস্যা হল উন্নয়নের বিচিত্র পরিসংখ্যান অনবরত ছুটে এসে তৈরি হয় বিভ্রান্তি। যে বারোটি মাপকাঠিতে দারিদ্রের যে থার্মোমিটারে বিচার করছে নীতি আয়োগের ‘বহুমাত্রিক দারিদ্র সূচক', তার প্রথমেই রয়েছে অপুষ্টি। শিশু-অপুষ্টি কমেছে, এমনটাই দাবি নীতি আয়োগের। কিন্তু যে সমীক্ষার ভিত্তিতে এই সূচক, 'সেই পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (২০১৯-২১) দেখিয়েছিল, ভারতে শিশু-অপুষ্টির চিত্র যথেষ্ট উদ্বেগজনক। পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশেরই অপুষ্টির কারণে উচ্চতায় ঘাটতি রয়েছে। হতে পারে তা পূর্বের থেকে (২০১৫-১৬) সামান্য কম (তিন শতাংশ), কিন্তু তাতে কি আশ্বস্ত হওয়া চলে? আন্তর্জাতিক ক্ষুধা সূচকও (২০২২) দাবি করেছিল যে, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অপুষ্টির নিরিখে ভারতের পিছনে রয়েছে কেবল আফগানিস্তান। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞরা দেখিয়েছিলেন যে, সেই তথ্যের সঙ্গে সরকারি তথ্যের খুব বেশি গরমিল নেই। আরও মনে রাখতে হবে, পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার বেশ কিছু তথ্য সংগৃহীত হয়েছিল কোভিড অতিমারির আগে। ভারতের নিম্নবিত্তের উপরে অতিমারির ভয়াবহ প্রভাব দেখে আশা করা কঠিন যে, ২০২২ সালে ক্ষুধা ও অপুষ্টির চিত্রে উন্নতি হয়েছে।'

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরির প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালের মধ্যে আসামে ৪৬ লক্ষ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। নানা তথ্যের উপর ভিত্তি করে রিপোর্টে বলা হয়েছে, ভারতে ২০৩০ সময়সীমার অনেক আগেই দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা ১.২ অর্জন করবে। নীতি আয়োগের তরফে বলা হয়েছে পুষ্টি, রান্নার গ্যাস, আর্থিক অন্তর্ভুক্তি, পানীয় জল ও বিদ্যুতের অ্যাক্সেসের দিকে সরকার মনোযোগী হওয়ায় উপরে উল্লিখিত রাজ্যগুলোতে প্রভূত উন্নতি হয়েছে। সরকারি এই রিপোর্ট, 'Multidimensional Poverty Index -এর ১২ টি প্যারামিটারে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এছাড়াও স্যানিটেশন এবং রান্নার গ্যাসের উন্নতি দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে'। সম্প্রতি নীতি আয়োগের প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা ও রাজস্থানে গত পাঁচ বছরের মধ্যে দরিদ্র ব্যক্তির সংখ্যা কমেছে। সেইসাথে আসামেও ৫ বছরে ৪৬.৮৭ লক্ষ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। অর্থাৎ আসামের বহুমাত্রিক দারিদ্র্য ২১.৪১% (Rate of Poverty) যেখানে ভারতের ১৪.৯৬%।

মোট অভ্যন্তরীণ উৎপাদন (Gross Domestic Product) এবং মানব উন্নয়ন সূচকের (Human Development Index) দিক থেকে বরাক উপত্যকা আসামের সবচেয়ে দরিদ্রতম অংশ। এই অঞ্চলের অর্ধেকেরও বেশি জনসংখ্যা চরম দারিদ্রতার মধ্যে বাস করছে। একটি জরিপ অনুসারে, হাইলাকান্দি জেলার জনসংখ্যার ৫১%, কাছাড় জেলার জনসংখ্যার ৪২.৪% এবং করিমগঞ্জ জেলার জনসংখ্যার ৪৬% বহুমাত্রিকভাবে দারিদ্র এবং নিরাপদ পানীয় জল, খাবারের উপযুক্ত মজুত তথা বিদ্যুৎ, বাসস্থান, কর্মসংস্থান আশ্রয় ইত্যাদির অভাব এখনে পরিলক্ষিত হয়। বহুমাত্রিক দারিদ্র সূচকে (Multidimensional Poverty Index) আসামের বিভিন্ন জেলার দারিদ্রতা হ্রাস শতাংশের হিসেবে তথ্য প্রকাশ হয় যেখানে — বরাক উপত্যকার কাছাড় (৩০.৫৮%), করিমগঞ্জ (৩২.৯৩%), ও হাইলাকান্দি (৩৬.২২%) ছাড়া আসামের বাকি জেলার বহুমাত্রিক দারিদ্রতার সূচক অনেকটা উন্নত। ( NATIONAL MULTIDIMENSIONAL POVERTY INDEX - NITI Aayog https://niti.gov.in/sites/default/files/2023-08/India-National-Multidimentional-Poverty-Index-2023.pdf )

সংবাদমাধ্যম তথা বিভিন্ন প্রিন্ট তথা ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায় খাদ্য-সহ নানা অত্যাবশ্যক সামগ্রীতে ব্যয়ের হার কমেছে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। কিন্তু বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন ব্যয়ক্ষমতার পতনে দারিদ্র বাড়ার একমাত্র লক্ষণ, এমনটাই মনে করছেন। একই সময়ে জাতীয় নমুনা সমীক্ষার নিয়োগ ও বেকারত্ব সংক্রান্ত সমীক্ষাটি দেখিয়েছিল গ্রামাঞ্চলে কর্মহীনতা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু উন্নয়নের নজির বলে মানব উন্নয়নের যে সব পরিসংখ্যান পেশ করা হয়, সেই সংখ্যাগুলির পিছনের চিত্রটিও দেখা প্রয়োজন। বঞ্চনা ও বৈষম্যের শিকার বরাক উপত্যকা তা অস্বীকার করা যায় না। তবুও বিবিধ আগ্রাসনে বিধ্বস্ত হলেও  অপশক্তির সঙ্গে কখনও হাত মেলানো সুবিধাবাদী ছাড়া আর কেউই করতে পারে না। বরাক উপত্যকার উন্নয়নের পেছনে এতো ধীর গতি কেন, তা ভাববার বিষয়!

Tuesday, September 19, 2023

ইন্ডিয়া’- নাম কি তাহলে বদলে যাবে ‘ভারত’-এ?


'রোমিও জুলিয়েট' নাটকের একটা বিখ্যাত লাইন যেখানে শেক্সপীয়ার বলেছিলেন, নামে কিবা আসে যায়?(What's in a name!) তাহলে বিতর্ক থেকেই যায়। 'ইন্ডিয়া' না  'ভারত' কোন নামটি দেশের হওয়া উচিত। সংবিধানের প্রথম অনুচ্ছেদে যেখানে লেখা আছে "India, that is Bharat, shall be a Union of States”। দেশের নাম বদলে যাবে! এই গত কয়েকদিন ধরে এমনই জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। কেন্দ্রের তরফ থেকে বিশেষ যে অধিবেশন রাখা হয়েছে সেই অধিবেশনেই নাকি এমন নাম বদলের বিল পেশ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অনুমান করার পাশাপাশি এই নিয়ে বিস্ফোরক সব দাবি তুলতেও দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। এমন জল্পনা শুরু হয় মূলত G20 সম্মেলন ঘিরে রাষ্ট্রপতি যে আমন্ত্রণপত্র পাঠান তা থেকেই।

আমাদের দেশের ভূখণ্ডকে সেই প্রাচীনকাল থেকে নানা নামে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মুদ্বীপ, ভারতখণ্ড, হিমবর্ষ, অজনাভবর্ষ, আর্যাবর্ত, হিন্দ, হিন্দুস্তান আর ইন্ডিয়া নামগুলি। সম্রাট অশোকের শিলালিপিতে জম্মুদ্বীপের অস্তিত্ব পাওয়া যায়। ভাষাবিদ অজিত ওয়াডনের্করের মতে, “হিন্দ, হিন্দুস্তান বা ইন্ডিয়া – এই নামগুলির সঙ্গে সিন্ধু নদের যোগ আছে। কিন্তু সিন্ধু শুধু একটি নদ নয়, এর অর্থ যেমন নদ বা নদী হয়, তেমনই সাগরও এর আরেকটি অর্থ। সেদিক থেকে বিচার করলে দেশের উত্তর-পশ্চিম অংশটি কোনও এক সময়ে সপ্তসিন্ধু বা পাঞ্জাব বলা হত। ওই অঞ্চলটি খুবই উর্বর ছিল তাই সেখান দিয়ে বহমান সাত অথবা পাঁচটি নদীই ছিল এলাকার পরিচয়।“ তিনি আরও বলেন, “প্রাচীন ফার্সি ভাষায় সপ্তসিন্ধুকে ‘হফ্তহিন্দু’ বলা হত।“ আবার ইন্ডিয়া এবং ইন্ডাস নাম পাওয়া যায় গ্রীক ইতিহাসবিদ মেগাস্থিনিসের বর্ণনায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির সংস্কৃতের দিকপাল অধ্যাপক মনিয়র উইলিয়ামস, যিনি সংস্কৃত-ইংরেজি অভিধান লিখেছিলেন, তার মতে বেদে ভরত বা ভরথ শব্দটির অর্থ অগ্নি, লোকপাল বা বিশ্ব-রক্ষক, এক অর্থে রাজা। ওয়াডনের্কর বলছেন, “বৈদিক যুগের এক প্রসিদ্ধ জনগোষ্ঠী ভরতের উল্লেখ অনেক প্রাচীন পুঁথিতে রয়েছে। এই গোষ্ঠী সরস্বতী নদী তট, যেটি বর্তমানের ঘগ্গর, ওই অঞ্চলে বসবাস করত। এদের নাম অনুসারেই ওই ভূখণ্ডের নাম হয় ভারতবর্ষ।“

আসল-নকলের উত্তর খোঁজা সহজ নয়। ‘ইন্ডিয়া’- নামটিও মিলছে যথেষ্ট প্রাচীন ব্যবহারেও— ‘Indos’ শব্দটি পাওয়া যাচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস-এর বিবরণে। প্রাচীন ভারতে বিদেশাগত পর্যটক মেগাস্থিনিস (‘ইন্ডিকা’), আল বেরুনি প্রমুখের (‘কিতাব উল হিন্দ’) বইয়ের নামের মধ্যেই ‘ইন্ডিয়া’ শব্দটি লুকিয়ে আছে। তাহলে কেন ‘ভারত’ এভাবে উঠে এল সরকারি নথিতে? ভাষাবিদ পবিত্র সরকার বলছেন, শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরতের নাম থেকেই তার রাজ্যের নাম হয় ভারত, এটাই প্রচলিত ধারণা। ‘ভারত’ শব্দের উৎসে লুকিয়ে আছে এক হিন্দু পুরাণকাহিনী। মহাভারতে যে কুরু-পাণ্ডবের গল্প আমরা পড়ি, ভরত ছিলেন তাঁদেরই পূর্বজ, চন্দ্রবংশের একজন নৃপতি। ‘ভরতের রাজ্য’ অর্থেই ‘ভারত’ ভূখন্ডটি তাৎপর্যময়, এবং সেই উদ্দেশ্যেই ‘ভারত’ নামটিকে গুরুত্ব দেওয়া— কিছু বিরোধী সমালোচনা অনুযায়ী উঠে এসেছে এমনই মতামত। বিজ্ঞজনেরা ধরে নিচ্ছেন আগামী দিনে রাষ্ট্রে’র নির্মাণপ্রকল্পে পুরাণকাহিনিকে ইতিহাসে রূপান্তরিত করার একটা প্রয়াস হিসেবেই এটাকে দেখছেন তাঁরা।

মুঘল আমলের দিকে তাকানো যায় তবে দেখা যায় তাদের শাসনাধীন অঞ্চলকে হিন্দুস্তান বলা হত। তবে ঐতিহাসিক ইয়ান জে ব্যারো লিখেছেন, অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটিশ মানচিত্রগুলিতে ইন্ডিয়া নামটির প্রচলন হতে থাকে। তার আগে, মুঘল আমলে তাদের শাসনাধীন এলাকাটিকে হিন্দুস্তান বলে চিহ্নিত করা হত। ব্যারো 'জার্নাল অফ সাউথ এশিয়ান স্টাডিসে' প্রকাশিত তাঁর প্রবন্ধ ‘ফ্রম হিন্দুস্তান টু ইন্ডিয়া’-তে লিখেছেন “ইন্ডিয়া শব্দটির প্রতি আকর্ষণের কারণ সম্ভবত ছিল তাদের গ্রীক-রোমানদের সঙ্গে নৈকট্য, ইউরোপে এটির দীর্ঘ ব্যবহার এবং সার্ভে অফ ইন্ডিয়ার মতো বৈজ্ঞানিক ও সরকারি সংস্থাগুলির কাছে এই নামটির গ্রহণযোগ্যতা।“

২০১৫ সালে মহারাষ্ট্রের নিরঞ্জন ভটওয়াল, 'ভারত' নামটিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা করেছিল। ‘ইন্ডিয়া’ নাম বাতিল করে শুধু ‘ভারত’ করা যাবে না, সেবছরই দেশের শীর্ষ আদালতে হলফনামা দিয়েছিল কেন্দ্র সরকার। যাইহোক নাম পাল্টে দেশ ও দশের কিছু লাভ হবে কি? তর্কের খাতিরে মেনেই নিলাম এই নাম পরিবর্তন করেই ভারতবর্ষ করা হলো তাহলে যে সব সরকারি প্রতিষ্ঠান গুলো আছে তাদের নামের আগে বা পরে ইন্ডিয়া শব্দটি ব্যবহার হয় উদাহরন স্বরূপ I.I.T (Indian Institute of Technology), I.I.M.s (Indian institute of management), I.S.R.O ( Indian space Research Organisation), R.B.I (Reserve Bank of India), S.B.I (State Bank of India), AIIMS (All India Institute of Medical Sciences) ইত্যাদি, এমনকি পাসপোর্টেও লিখা থাকে রিপাবলিক ওফ ইন্ডিয়া, পেন কার্ড, আধার কার্ড এবং প্রত্যেক টাকা তে উল্লেখ থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI), এই সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান গুলির নাম,  কাগজ, টাকা ও দস্তাবেজ পরিবর্তন করতে কোন অযথা খরচা হবে না তো? উপরে মাত্র কয়েকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া নামে এমন হাজারো সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। ধরুণ এটা যদি তুঘলকি সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের দেশ কতটা দুর্দশায় আক্রান্ত — মানুষ  মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকত্ব,  দুর্নীতি, গৃহ ও জাতি দাঙ্গা, ক্ষুদা সূচকে অবনতি, নির্দিষ্ট কর্পোরেট দের হাতে রাষ্ট্রের সম্পত্তি জলের দামে বিক্রি, ঋণ চুরি, নির্দিষ্ট শিল্পপতিদের ঋণ মাফ, সীমা বিবাদ, মহিলা, দলিত, আদিবাসী ও সংখ্যালঘু অত্যাচার, বনভূমি ও খনি সমূহ কে কিছু নির্দিষ্ট কর্পোরেট দের হাতে তুলে দেওয়া প্রভৃতি সরকারের একের পর এক বিষয় নিয়ে প্রশ্ন না করতে পারে সেইজন্য জনসাধারণ নাম বিতর্কের পিছনে অযথা তর্কে বহুদূর সরিয়ে দেয়ার কোন মনোবাঞ্ছনা নয় তো!

আসন্ন ২০২৪ লোকসভা ভোটে পায়ের নীচে জমি শক্ত করছে বিরোধী শিবিরে। বিজেপির প্রতিপক্ষ হিসেবে জোট শিবিরে রয়েছেন মমতা, কেজরিওয়াল, নীতিশ কুমার, উদ্ধব ঠাকরে, ফারুখ আবদুল্লাহ, এম. কে. স্তালিন প্রমুখ বিরোধী ঐক্যের নেতা-নেত্রীরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতের ছাব্বিশটি রাজনৈতিক দলের এক ‘বিগ টেন্ট’ হিসেবে ১৮ জুলাই ২০২৩ তারিখে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে INDIA ওরফে Indian National Developmental Inclusive Alliance । বিশেষজ্ঞদের মতে স্পষ্টতই ‘ইন্ডিয়া’- নামটিকে বিজেপি বিরোধী অস্ত্র হিসেবে নিজেদের পক্ষে ব্যবহার করতে চাইছিল বিরোধী শিবির। কিন্তু, ‘ভারত’ নামটি ব্যবহার করে যেন সেই পরিকল্পনারই পাল্টা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী — এমনটাই তাঁদের ধারণা। আবার, অনেকে এ-ও ভাবছেন— এতে অযথা রাজনীতি খোঁজা অর্থহীন। ‘ভারত’- নামেই বা সমস্যা কোথায়? ‘ইন্ডিয়া’ বিদেশী ইংরেজদের দেওয়া নাম, তাই দেশের ‘ভারত’ নামই দেখতে চান বলে গুঞ্জন বিশেষজ্ঞ মহলে।

কিন্তু, সাধারণ মানুষের জিজ্ঞাসা— ‘ইন্ডিয়া’- সরকারি নামটিই কি তাহলে বদলে যাবে ‘ভারত’-এ? তাঁদের অনেকেই মনে করছেন এবার আবারও কি ফিরবে নোটবন্দি’র স্মৃতি। ব্যাঙ্ক নোট থেকে আরম্ভ করে আধার, ভোটারের মত সরকারি নথিতে ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’ করানোর লাইনে দাঁড়ানোর পালা আসতে চলেছে ফের। সব মিলিয়ে নাম-বিতর্ক এখন তুঙ্গে। অবশেষে একটিই কথা বলতে চাই নামে কোন আপত্তি নেই। এটা ভারতবর্ষ হোক আর ইন্ডিয়া বা হিন্দুস্থান। কথা হলো এবার বিচার করার পালা পরিবর্তনের নামে যাতে নোংরা রাজনীতি না হয় দেশে। জনগণের টাকাকে দেশের ও দশের উন্নয়নে যেনো লাগানো হয়। রাজনৈতিক প্রতিহিংসা ও তুঘলকি স্বার্থের বিপরীতে সুষ্ঠ ও নিরপেক্ষ চরিত্র আমরা দেখতে চাই।

Thursday, August 24, 2023

অন্ধকারে জাগ্রত বিবেক : নরেন্দ্র দাভোলকর


“নরেন্দ্র দাভোলকারের কাজ কখনও মুছে ফেলা যাবে না। তাঁর পায়ের ছাপ রয়ে যাবে” — নাসিরুদ্দিন শাহ

শুধু কেউ বিজ্ঞান জানলে কিংবা বিজ্ঞানী হলে সমাজ বিকশিত হবে না, যদি না তিনি বিজ্ঞানমনস্ক হন। কারণ মানুষের সঙ্গে অন্য প্রাণীদের প্রধান তফাত হল, মানুষের কৌতূহল আছে, সে প্রশ্ন করে, অন্য প্রাণীরা করে না। প্রকৃতি সম্বন্ধে কৌতূহল থেকেই মানুষ জন্ম দিয়েছে বিজ্ঞানের। পরীক্ষা-নিরীক্ষা, তর্ক, অনুমান, অভিজ্ঞতার  মধ্য দিয়ে তৈরি হয়েছে বিজ্ঞান। মূলত ‘বিজ্ঞানমনস্কতা’ হল, বিজ্ঞানস্বীকৃত সত্যকেই বিশ্বাস করার মানসিকতা। ২০ অগাস্ট ২০১৩ সাল। আততায়ীদের হাতে গুপ্তহত্যার শিকার হন নরেন্দ্র দাভোলকর। কাজের দিক থেকে তিনি বিজ্ঞান আন্দোলন কর্মী, ডাক্তার, সমাজকর্মী ও প্রভাবশালী যুক্তিবাদী লেখক ছিলেন। মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির সভাপতি ছিলেন। তাঁরা দীর্ঘ লড়াইয়ের পর কুসংস্কার ও কালাযাদু বিরোধী একটি আইন আনার চেষ্টা করছিলেন মহারাষ্ট্রে। যা অনেক ক্ষমতাশালীদের ভীমরুলের স্বার্থে আঘাত করেছিল। তাই আলো হাতে নিয়ে যারা আঁধারের যাত্রী তাদের লুকিয়ে লুকিয়ে গুপ্তহত্যা। শুধু দাভোলকর নন, গোবিন্দ পানসারে, এমএম কালবুর্গি, গৌরী লঙ্কেশ সহ অগুন্তি যুক্তিবাদী প্রগতিশীলরা আমাদের গর্ব। আমরা এমন এক যুগে বাস করছি, যখন এঁদের মতো প্রগতিশীলরা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছেন।

নরেন্দ্র দাভোলকর নিজে ছিলেন একান্ত নিরীশ্বরবাদী, কিন্তু কোনও মানুষের ধর্মাচরণে কখনও বাধা দেননি। ধর্মাসক্ত অসহায় মানুষকে তিনি বরং ভরসা দিতেন, বলতেন সাফল্যের জন্য সতত পরিশ্রম করার কথা। তাঁর মৃত্যুর পর 'ফেডারেশন অব ইন্ডিয়ান র‌্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন'-এর সভাপতি নরেন্দ্র নায়ক বলেন, “প্রতিক্রিয়াশীল শক্তি যদি মনে করে থাকে আমাদের এক জনকে গুলি চালিয়ে খুন করে আন্দোলনকে স্তব্ধ করবে, তবে তারা ভুল করছে।” বিজ্ঞানে স্বীকৃত সত্যই একমাত্র বিশ্বাসযোগ্য। অন্ধকারের বিরুদ্ধে লড়াই কখনওই থামে না, বরং হাতবদল হয় শুধু।

সমাজকে আলোর পথে হাঁটানোর ভাবনা দাভোলকরের মধ্যে যুবক বয়স থেকেই ছিল প্রায় সক্রিয়। ডাক্তারি পড়তে পড়তেই তিনি যোগ দিয়েছিলেন ‘ওয়ান ভিলেজ ওয়ান ড্রিঙ্কিং ওয়াটার’ আন্দোলনে। পানীয় জলের অপব্যবহার নিয়ে তিনি তৎকালীন ধর্মগুরু আসারাম বাপুর সরাসরি বিরোধিতা করে সাড়া ফেলে দিয়েছিলেন। দাভোলকর ১৯৮৩ সালে নিজে প্রতিষ্ঠা করেন ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি’ বা ‘এমএএনএস’। শুধু মহারাষ্ট্রেই এর ২৩০টি শাখা। আজ সমগ্র ভারতে এই সমিতির শাখা ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যেমন সরব হলেন, তেমনি মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিলেন দাভোলকর। ২০০২ সালে একটি চ্যালেঞ্জে বলেন, কোনও অলৌকিক বাবা যদি ‘এমএএনএস’-এর ঠিক করে দেওয়া ১২টি কাজের মধ্যে কোনও একটি করে দেখাতে পারেন তবে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই কাজগুলির মধ্যে ছিল শূন্যে ভেসে থাকা, গভীর জলের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা, শূন্য থেকে একটা সোনার হার তৈরি করা ইত্যাদি। কাউকে ব্যক্তিগত আঘাত করার উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ নয়, উদ্দেশ্য ছিল তথাকথিত বাবাজি-মাতাজির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা, একটা সুস্থ সমাজ গঠন করা। ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি’র লক্ষ্য ছিল— কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চর্চা বন্ধ করা, যুক্তিবাদ, নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্ব চর্চা, বিজ্ঞান-অনুসন্ধিৎসা ও অনুশীলনের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখানো।

যুক্তিবাদী নিগ্রহ ও নিধনের এই পর্বটি হয়তো এখনও শেষ হয়নি। হয়তো যুক্তিবাদী সৈনিকদের আরও মূল্য চোকাতে হবে। মনে রাখতে হবে যে, যুক্তিবাদ, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই স্বনামধন্য ব্যক্তি ছিলেন। প্রত্যেকটি মৃত্যুর জোরালো প্রতিবাদ হয়েছে ভারতের কোণায় কোণায়। দেশের বাইরেও আলোড়ন কম হয়নি। এঁদের প্রাণ কেড়ে যুক্তিবাদী কর্মীদের মনোবল গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে মৌলবাদীরা। কিন্তু অন্য দিক থেকে দেখলে, মৌলবাদকে রুখতে যুক্তিবাদের এক দুর্দান্ত ভূমিকায় এভাবে উঠে আসতে হবে। উঠে আসে যুক্তিবাদী আন্দোলনকে আরও তীব্র করে তোলার এখন সময়ের দাবি। আধুনিকতার অভিঘাতে বিপন্ন ধর্মের মরণকামড় হয়তো বা আরও কিছুকাল সমাজের উপর পড়বে, কিন্তু তা কখনই চিরস্থায়ী হতে পারে না। মানবসভ্যতার অগ্রগতির রৈখিক পথরেখায় এ এক সাময়িক ‘ফ্ল্যাকচ্যুয়েশন’ বা বিচলন মাত্র, আধুনিকতার চাকাকে কখনও পেছনে ফেরানো যায় না। তবে ঊর্ধ্বমুখী লেখচিত্রের এই উঁচুনিচু বাঁকগুলোকে আমরাই পারি দ্রুত সরলরেখায় এনে ফেলতে। সুবিচারের দাবিতে বিচারব্যবস্থাকে অবশ্যই প্রভাবিত করতে হবে। একই সঙ্গে, আমাদের ইতিকর্তব্য থেকেও আমরা যেন বিচ্যুত না হই।

ব্যক্তিজীবন বা সামাজিক জীবন সার্বিকভাবে সুস্থ ও সুন্দর করে গড়ে তোলার প্রয়াস জারি রাখতে প্রকৃতি ও সমাজের প্রতিটি ঘটনার পেছনে কার্যকারণ সম্পর্ক খোঁজার চেষ্টা খুব জরুরী। আর এইজন্য চাই প্রশ্ন করার আর প্রশ্নের মুখোমুখি হওয়ার বৈজ্ঞানিক মেজাজ। ততটুকুই গ্রহণীয় যতটুকুর সাক্ষ্যপ্রমাণ আছে, এই বৈজ্ঞানিক মেজাজ তৈরী করার কাজটা সুচারুভাবে করেছিলেন তিনি। মানুষের সাথে বন্ধুর মত মিশে, মানুষের জীবনসংগ্রামের সাথী হয়ে, মানুষকে বিজ্ঞান সচেতন করে সমাজ পরিবর্তনের আন্দোলনে সামিল করার প্রয়াস প্রতিটি বিজ্ঞানমনস্ক মানুষের কাজ। আর এই কাজে ঔদ্ধত্য নয়, সাহসী এবং বিনয়ী হতে হবে। সর্বোপরি তৈরী করেছিলেন কুসংস্কার ও জাদুবিদ্যা বিরোধী আইনের সেই ঐতিহাসিক খসড়া যা সারা ভারতে যুক্তিবাদী মানুষের সংগ্রামের পাথেয়। যুগে যুগে কোনো যুক্তিশীল চিন্তাধারার মানুষদের কাজ কখনও সহজ হয়নি। ওনার কাছেও এই কাজ সহজ ছিল না। বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল। বক্তৃতা বন্ধের চক্রান্ত, ম্যাগাজিন বিক্রি না করার ফতোয়া এমনকি প্রাণনাশের হুমকি নিয়েই আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক কালে গোবিন্দ পানসার, নরেন্দ্র দাভোলকর, এম এম কালবুর্গি,  গৌরী লঙ্কেশের মত ব্যাক্তিত্বদের খুন করার উদ্দেশ্য এক। সবটাই হয়েছে ধর্মীয় সন্ত্রাসবাদীদের নিখুঁত পরিকল্পনায়। ওরা যুক্তি ও বিজ্ঞানমনস্ক চিন্তাধারাকে ভয় পায়। সেই একই কারণে অরুণ ফেরেইরা, সূধা ভরদ্বাজ, ভারভারা রাও, গৌতম নাভালখা ও ভেরনন গনজাল্ভেজরা আটক হন। পাশের রাষ্ট্রে, ঠিক একই উদ্দেশ্যে ধর্ম সন্ত্রাসীরা অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, আরেফিন দীপন, অনন্তবিজয় দাস, হুমায়ুন আজাদ, নীলাদ্রি চট্টোপাধ্যায়কে খুন করে। ধর্মান্ধে কিছু ধান্দাবাজ গডম্যানরা নিজ স্বার্থে তাদের ধর্ম বিপদে এমন গল্প বারংবার শুনিয়ে ভক্তদের মগজধোলাই করে উগ্র, হিংস্র বানায়। এরা কারোর যুক্তির ধার ধারেন না। এরা যা জানে সেটাই অভ্রান্ত, এমনটাই মনে করেন। এদের হাতে কখনো খুন হয়, অপদস্থ হয় এমনকি দেশ ছাড়তে বাধ্য হয় ব্লগার, ফেমিনিস্ট, এলজিবিটি এক্টিভিস্ট, মুক্তচিন্তকরা।


আমরা কখনই এরকম দেশ চাই না যেখানে অন্ধবিশ্বাস, কুসংস্কার, বিজ্ঞানমনস্ক পরিপন্থী মৌলবাদী কট্টরপন্থীদের বিরুদ্ধে মুখ খুললেই ওরা গলা টিপে ধরবে।  যেরকম পার্শ্ববর্তী বাংলাদেশে মৌলবাদীরা মুক্তচিন্তকদের জড় সমেত উপড়ে ফেলার সংকল্প নিয়েছে। ভারতও কি সেই পথে হাঁটছে! মৌলবাদের উৎসগুলিকে ধ্বংস করতেই হবে। বিজ্ঞানমনস্কতা প্রচারের জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী শক্তির হাতে খুন হওয়ার প্রতিবাদ হোক.... সেই সাথে মাঠে ঘাটে ছড়িয়ে থাকা বিজ্ঞান কর্মীদের যারা প্রতিনিয়ত  যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতাকে ছড়িয়ে দিতে গিয়ে প্রাণ দিচ্ছেন। [Scientific thinking is purely logical: the adjective ‘rational’ cannot be applied to it. Scientific temperament is a process of thinking, method of action, search of truth, way of life, spirit of a freeman. — Dr Narendra Dabholkar, The Case for Reason, Volume One] ধর্মীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে কলম ধরলেই পাশবিক হয়ে উঠেন প্রতিক্রিয়াশীল শক্তি । বেছে নেয় খুন করার পথ। গণতান্ত্রিক পদ্ধতিতে সমালোচনা করা নাগরিকদের বৈধ অধিকার। মত প্রকাশের অধিকার যদি কোন ক্ষমতার দ্বারা বিপন্ন হয় তবে নিশ্চয় ভাববার বিষয়।

Thursday, August 10, 2023

নিষ্কর্ষ বার্তাবাহক '১৯-এর কবিতা ও গান'


ভাষাগত ও জাতিগত দিক দিয়ে যত রকমের ল্যাব ও ডিএনএ টেস্ট রয়েছে পৃথিবীর আর কোন জাতিকে হয়তো এতোটা প্রমাণপত্র দিতে লাগে না। যতটা বাংলা ভাষা ও বাঙালিকে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও বরাক উপত্যকার বাঙালিকে দিতে হয়। আর এটার প্রচলন যে আজ শুরু হয়েছে এমন নয়। এর প্রমাণ স্বরূপ রবীন্দ্রজন্মশতবর্ষে অর্থাৎ ১৯৬১ সালের ১৯শে মে ১১ টি তরতাজা প্রাণ শহীদ হন শিলচরে, ১৯৭২ এর ১৭ই আগস্ট করিমগঞ্জে বাংলা ভাষার অধিকার রক্ষায় শহীদ হন বিজন চক্রবর্তী (বাচ্চু চক্রবর্তী),১৯৮৬র ২১ জুলাই করিমগঞ্জে শহীদ হন জগন্ময় ও যীশু, ১৯৯৬ এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার রক্ষায় করিমগঞ্জের পাথারকান্দিতে শহীদ হন সুদেষ্ণা সিংহ ও সলিল সিংহ। সেই তখন থেকেই এখন অব্দি চলছে। হ্যাঁ হয়তো এখন শহীদ হচ্ছেন না ঠিক কিন্তু আগ্রাসনবাদী শক্তির করমর্দনে দেয়ালে পিঠ ঘষা খেতে খেতে কতটা ঘা হয়েছে এ বলার ইয়ত্তা রাখেনা।

ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই আন্দোলনই অসাম্প্রদায়িক জাতীয় চেতনার ভিত্তি সুদৃঢ় করে। যার ফলস্বরূপ বাঙালি নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠে। বাঙালি জনগণ উপলব্ধি করতে পারে সংগ্রামের মাধ্যমেই তাদেরকে দাবি-দাওয়া আদায় করতে হবে এবং ভালোভাবে বাঁচার পথ খুঁজতে হবে। মায়ের ভাষা রক্ষার জন্য মেয়েরাই তো পেরেছিল রক্ষণশীলতার ব্যারিকেড ভেঙ্গে রাস্তায় নামতে। ভাষা আন্দোলনই তো পেরেছিল সাহিত্য-সংস্কৃতি-সমাজ গঠনে এক মুক্ত পরিবেশ সৃষ্টি করতে। এটি একটি জাতির রাজনৈতিক ও সামাজিক ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও, ১৯৯৯ সালের ২৬ শে নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। বিশ্ববাসীর দরবারে বাংলা ভাষা ও বাঙালি জাতির যেভাবে আত্মমর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে তেমনি ভাবমূর্তিও হয়েছে উজ্জ্বল।

'তবু উনিশে মে-র কাছে ফিরে যেতে হয়। নিষ্কর্ষ খুঁজতে হয় পুনর্নির্মাণের। ভাষা আন্দোলন চলমান এক প্রক্রিয়ার নাম: কোনো একটা বিশেষ তারিখ অন্য দিনগুলির তুলনায় উজ্জ্বলতর হয়ে ওঠে, এইমাত্র। ভাষা-সংগ্রামের বহুমুখী মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে বুঝি, বৃহত্তর গণসংগ্রামের অপরিহার্য অঙ্গ হল ভাষা আন্দোলন।' আজ উনিশে মে ভাষা আন্দোলন শুধু বরাক উপত্যকার মধ্যে সীমাবদ্ধ এমনটা কিন্তু নয়। এর পরিধি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর এই চিরসত্য আপ্তবাক্য সারা বিশ্বের বাঙালির স্পর্শ করেছে শ্রদ্ধেয় কবি দিলীপকান্তি লস্কর সম্পাদিত '১৯ এর কবিতা ও গান' (দ্বিতীয় সংস্করণ,বিশ্ব-সংকলন) স্বমহিমায়। সিকুয়েন্স এর প্রথম বইটি হলো '১৯-এর ভাষা শহিদেরা'। প্রকাশকাল ২০০২ সালের ১৯ মে। আর আবার দীর্ঘ একুশ বছর পর ২০২৩-র ১৯ মে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় সুবিশাল কলেবরে। সম্পাদক কবি দিলীপকান্তি লস্কর তাঁর এই বইয়ের প্রথম সংস্করণে ভূমিকায় লিখেছিলেন, যে কোন সংগ্রামের পেছনে থাকে এক একটি সাহিত্য-সংস্কৃতিক ভূমিকা। কখনো তা সংগ্রামকে পেছন থেকে ইন্ধন যোগায়, কখনো তা সংগ্রামীকে দেয় প্রেরণা। আবার কখনও কখনও সংগ্রামের সাফল্য বা ব্যর্থতার প্রভাবে জন্ম দেয় কবি-সাহিত্যিক-শিল্পী-গীতিকারদের মনোজগতে এক অনন্য সৃজন কর্মশালা। তদুপরি সংগ্রামটি যেখানে ১৯শে মে, আপামার জনসাধারণের মধ্যে পরিব্যাপ্ত এক মহান গণজাগরণ, মাতৃস্তন্যস্বরূপ মাতৃভাষার অধিকার অর্জনের সংগ্রাম, মাতৃভাষার কারিগর কবি-সাহিত্যিক-শিল্পী-গীতিকারদের চেতনায়-অবচেতনায় ফেলবেই তার স্বাভাবিক অনুরণন। ফেলছেও। ১৯-কে নিয়ে সাহিত্য 'সৃষ্টি হয়নি' কথাটি প্রায়শই উচ্চারিত হতে শুনেছি, লালনমঞ্চ তা মিথ্যে প্রমাণ করেছে। সে গোটা বাংলা ভূবনের সাহিত্যকৃতি ঘেঁটে দেখতে চেয়েছে। কোথায় কোথায় উনিশ। প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলে বঙ্গ ও বাংলাদেশের কবির সংখ্যা তুলনায় কম, তবে অদ্যাবধি যে মাধুকরিটুকু হলো, তাও কি খুব কম !' দ্বিতীয় সংস্করণের ভূমিকা সম্পাদক কবি প্রথমেই সৌহার্দ্য সিরাজের কবিতা দিয়ে শুরু করেছেন যেখানে একটি লাইন লিখা — 'বৃষ্টির মেঘ/বরাকের অশ্রুত চিহ্নগুলো নিয়ে যাও দেখুক পৃথিবী'। কবি দিলীপকান্তি লস্কর ভূমিকায় লিখেছেন,'ভাষা শব্দটি মাতৃভাষার আবেগ ও মমতায় কখনও যেন উনিশের ভাবধারার কাছাকাছি এসে যায়। আবার ‘ভাষা’ থেকে মাতৃভাষা, ‘মাতৃভাষা’ থেকে ‘মাতৃভাষাসংগ্রাম'—এই আনুভূতিক পারম্পর্য আমাদের কাব্য-ভাবনায় সৃষ্টি করে একটি সরল রৈখিক যোগাযোগ। এক থেকে আরেককে পৃথক করা দুষ্কর। আর এই ভাবধারা একুশ-উনিশ ভেদে প্রায়ই এক বা অনন্য। ফলে আমাদের প্রাপ্তির ঘরও বহু সদৃশ কবিতার ফুলের মতো, নানা বর্ণের লাবণ্যে পূর্ণ হয়ে ওঠে। নদীর মতো বিভিন্ন অববাহিকা, উঁচুনিচু পাহাড়-টিলা তথা আঁকাবাঁকা বহু রৈখিক পথে ভালো-মন্দ বহু বিচিত্র বিষয়বস্তু নিয়ে এগোতে থাকে তার পথযাত্রা, কিন্তু গতি তার সুনির্দিষ্ট সাগরের দিকে। এক্ষেত্রে উনিশ, উনিশ-একুশ এক বা উভয়ের ভাষা-কাব্য-গান, সংস্কৃতি ও সাহিত্যের ভাব-বিশ্ব-সায়রে এক অনন্য সৃষ্টিময়তার সংযোজন। তাই অধিকাংশ কবি সজ্ঞানে উনিশের ধৃতি নিয়ে কবিতা লিখে থাকলেও তাঁরা কিন্তু শেষ অব্দি এই সাগর-সঙ্গমে এসে যুক্ত হয়ে যান বহু থেকে এক এবং এক থেকে বছর বিন্যাসে। এখন তাই বাংলাভাষার কবিদের কাছে নেই কোনো আগল, যা রাজনৈতিক প্রভুরা কাঁটাতার বা নদীর সীমানা দিয়ে বিভাগ করে দিয়েছেন কারো রান্না ঘরের কারো উঠোনের বা খেলার মাঠের ভিতর দিয়ে বা উনুনের মাঝ বরাবর। বর্তমান সংকলনে আমরা উনিশের বহু কবিতা বিভিন্ন দেশের বিভিন্ন কবির কাছে পেয়েছি। বিভিন্ন ভাবনা-চিন্তার কবিতা, উনিশকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে তার স্বরূপ তথা মূল্যায়নের কবিতা, মাতৃভাষার প্রতি শ্রদ্ধার মূল্যবোধ থেকে উনিশের কবিতা এবং আরো অনেক বিষয়-বৈচিত্র্যে ভরপুর। ভাষা-সংগ্রামের ফলে কিছু শব্দ পেয়েছে তার নিজস্ব পৃথক এক তাৎপর্য ও অর্থময়তা। আত্মত্যাগের রক্ত কৃষ্ণচূড়াতেই যেন পেয়েছে তার প্রকৃতির প্রতিরূপ। এমন আরো কত কী।'

আমার মনে হয় বর্ধিত কলেবরে সংকলনটি সাজানোর একমাত্র কারণ সবাইকে এক সুতোয় বাঁধা। সংকলনটি মূলত  কয়েকটি পর্যায়ের বিন্যাস। উনিশে মে'র কবিতা (স্বদেশে), উনিশে মে'র কবিতা (বাংলাদেশে), উনিশে মে’র কবিতা (দূর-বিদেশে), উনিশে মে'র কবিতা (বাংলা ভাষায় / ভাষান্তরে)। শেষের পর্যায়ে রয়েছে উনিশে মে'র গান বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যাগ্রহী 'জজ্ সাহেবা', শ্যামাপদ ভট্টাচার্য থেকে শুরু করে আলাউদ্দিন খাঁ, গণেশ দে, মঞ্জুশ্রী দাস,কালিকা প্রসাদ, খালেক চৌধুরী সহ এই সময়ের অনেক কবির রচনা সংকলিত হয়েছে। আর উল্লেখযোগ্য হলো এই সংস্করণে  বেশ কয়েকজন কবির লেখা গান ভিডিও লিংক সহ দেয়া রয়েছে। রয়েছে বেশ কয়েকটি গানের স্বরলিপিও। এরমধ্যে আমার খুব প্রিয় যা উল্লেখ না করে আর পারলাম না শক্তিপদ ব্রহ্মচারীর ‘বঙ্গভূমি মা’ গানটি। এর ভিডিও লিংক — http:// youtube.be/DRFs17ecj71।

সম্পাদক কবি দিলীপকান্তি লস্কর তার অসাধারণ বুনন শৈলীতে নির্মাণ করেছেন '১৯-এর কবিতা ও গান'র সূচিপত্র। ১৯ মে-র কবিতায় মাইকেল মধুসূদন দত্ত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, শক্তিপদ ব্রহ্মচারী, ব্রজেন্দ্র কুমার সিংহ, মলয় রায়চৌধুরী, কামালউদ্দিন আহমেদ, তপোধীর ভট্টাচার্য, সুবোধ সরকার, জয় গোস্বামী, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখের কবিতা রয়েছে। বাংলাদেশের কবিদের মধ্যে সুফিয়া কামাল, শামসুর রাহমান, আল মাহমুদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, হুমায়ূন আজাদ, রেজাউদ্দিন স্ট্যালিন, জিললুর রহমান, বেলাল চৌধুরি, হেনরি স্বপন প্রমুখ ছাড়াও বহু কবির কবিতা রয়েছে।  দূর বিদেশের (কানাডা,জার্মানি, নিউইয়র্ক, ফ্রান্স সহ আরও) কবিদের মধ্যে সুব্রত অগাস্টিন গোমেজ, অরুণিমা নাসরিন, দীপঙ্কর দাশগুপ্ত প্রমুখ। তৎসঙ্গে যে সমস্ত ভিন্নভাষী কবির কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছে, তাঁদের মধ্যে শুরুতেই রয়েছেন অসমের খ্যাতনানা কবি জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালর কবিতা। বড়ো কবি অঞ্জলি বসুমাতারি, উর্খাও গৌড়া ব্রহ্মের কবিতা। এরপর রয়েছে বাগানি ভাষার অভিজিৎ চক্রবর্তী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষী কবিতা লিখেছেন ধনঞ্জয় রাজকুমার সহ প্রমুখ কবির কবিতা।

'১৯-এর কবিতা ও গান ' তাঁর সম্ভাব্য সকল দোষত্রুটি পেছনে ফেলে সুস্থ জনমত গঠনে আরও একধাপ এগিয়ে চলছে। সংস্করণের শুরুর দিক থেকে যদি দেখা হয়, সংকলনটির সূচনা হয় মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি দিয়ে। এরপর ধাপে ধাপে দেখা যায় শুধু নিদৃষ্ঠ 'উনিশ মে' নিয়ে কবিতার পাশাপাশি বিভিন্ন কবির কবিতায় তাঁর অনুভূতিতে প্রকাশ পায় ভাষা আন্দোলন, বাঙালি আগ্রাসন তথা কোণঠাসার গল্প। যেখানে মাইকেল তাঁর বঙ্গভাষা কবিতায় লিখেছেন — হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন; —তা সবে, (অবোধ আমি) অবহেলা করি।‌ জয় গোস্বামী লিখেছেন — 'আমি আসছি, ভাত বেড়ে রাখো'—/মাকে বলে ছুটে গিয়েছিল/সপ্তদশী কমলা।ফেরেনি।/গুলি সোজা লেগেছিল চোখে। শক্তিপদ ব্রহ্মচারীর  'উদ্বাস্তুর ডায়েরি'তে লিখেছেন — যে কেড়েছে বাস্তুভিটে, সে-ই কেড়েছে ভয়,/ আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়।
কামাল উদ্দিন আহমেদ লিখেছেন — বাড়ন্ত সে সবুজের মেলায়/ আমার যৌবন দোল খায়/ কমলা শচীন সুকমল বীরেন্দ্র/কানাই হিতেশ সুনীল কুমুদ চন্ডী/তরণী সত্যেন এগারোটি তাজাপ্রাণ মরণজয়ী গান গায়।

গুণের বিচারে কবিতার মান নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। উনিশ কিবা একুশ - ভাষা আন্দোলন আমাদের আবেগকে নাড়া দেয়। তাই প্রতিটি কবিতার মানও গুণগত সম্পন্ন। এতোবড় কলেবরে বিশ্ব-সংকলন ঈষৎ ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু এদিকে না গিয়ে সম্পাদকের অসাধারণ কাজ তথা '১৯-এর কবিতা ও গান' দ্বিতীয় সংস্করণে সম্পাদকের প্রচ্ছদ রুচিও অতুলনীয়। যেখানে কেন্দ্রে স্বপন পালের ভাষা-শহিদ স্মারক ও নকশা বিন্যাসে রয়েছেন মাসুদ করিম। এককথায় প্রসারিত দুহাত বাড়িয়ে একত্রিত করেছে এই বিশ্ব-সংকলন। নিশ্চয়ই এই সংকলন বিশ্বকবিতার উইকিপিডিয়ায় স্থানলাভ করবে। চেতনার উন্মেষ ঘটিয়ে ছড়িয়ে পড়বে বিশ্বে উনিশের বার্তাবাহক হিসেবে।

'১৯-এর কবিতা ও গান' — সম্পাদক দিলীপকান্তি লস্কর
প্রগতি সরণি, বনমালী রোড, করিমগঞ্জ, আসাম। মূল্য - ৪৫০/-

'হে মোর চিত্ত,পুণ্য তীর্থে জাগো রে ধীরে'

পরিস্থিতি যত উদ্ভট, সমাজের পরিবেশ যত প্রতিকূল, মূলত সময় এখন প্রশ্রয় দেয় অজ্ঞতায়। অন্তরস্থ ভাঙন তত তরান্বিত। সাধারণ ভাবে চতুর্...